বিশেষ প্রতিনিধি: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ শতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গোপন অভিযান চালিয়ে রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ের দঃ পাশ্বের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদের কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা আওয়ামী লীগের নেতাকর্মী।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠক চলছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আবু জাফর সূর্যসহ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে বৈঠক করছেন বলে তথ্য পাওয়া যায়। এরপর সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারেন, সে জন্য ঘটনাস্থলে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
অভিযান শেষ হওয়ার পর আটকের সঠিক সংখ্যা ও এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান ওসি আরিফুল আলম।
তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
