নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ধানমন্ডির বাটা শোরুমের সামনে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে মিছিলটি বের করা হয়। মিছিল চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ঘটান। মিছিলকারীরা পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ব্যানারও উদ্ধার করা হয়।
অন্যদিকে, মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম জানান, ধানমন্ডি এলাকায় মিছিলের সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আরও একজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্যসচিব তারেকুজ্জামানের নেতৃত্বে সাত মসজিদ রোড থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ধানমন্ডির ইবনে সিনা হাসপাতাল হয়ে বাটা শোরুমের সামনে যায়। সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনার পর এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
