এইচ,এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ
***********************
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গোপালগঞ্জ জেলা ইউনিটের মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) পিবিআই গোপালগঞ্জ জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পিবিআই, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু। সভার শুরুতে পুলিশ সুপার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের কল্যাণ, দাপ্তরিক কার্যক্রম এবং কর্মপরিবেশ-সংক্রান্ত সমস্যা ও মতামত মনোযোগসহকারে শোনেন। পরে তিনি বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন।
পরবর্তীতে চলমান মামলার নিষ্পত্তিতে সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে সর্বোচ্চ সংখ্যক মামলা নিষ্পত্তিকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার। সভার শেষ পর্বে বক্তব্যে পুলিশ সুপার বলেন, পিবিআই সদর দপ্তরে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রদত্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা, নীতিমালা ও কর্মপরিকল্পনা মাঠপর্যায়ে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি উপস্থিত কর্মকর্তা ও ফোর্সদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এছাড়া জনগণকে সর্বোচ্চ মানের তদন্তসেবা প্রদান এবং প্রতিটি মামলার দ্রুত, নিরপেক্ষ ও মানসম্মত নিষ্পত্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।
গোপালগঞ্জ পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
