আবুল হাসনাত তুহিন, ফেনী: রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। এর অংশ হিসেবে ফেনীতে বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) ফেনী জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনীর জেলা প্রশাসক মিজ মনিরা হক। অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাছান স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন মৎস্যচাষি মোজাম্মেল হোসেন মাসুদ, সাংবাদিক মো. আবু তাহের, ফেনীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. মাসুদ হোসেন এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেন।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে জেলার সফল তিনজন মৎস্যচাষীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তাদের সাফল্য অন্য মৎস্যচাষীদের আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে মাছ চাষে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মৎস্য দপ্তর, ফেনীর সিনিয়র সহকারী পরিচালক মো. আবদুল্লা আল হাসান।
জেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ফেনীতে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে মৎস্যসম্পদ উন্নয়ন, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যচাষিদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।
