দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বারে সুজাত আলী সরকারি কলেজ ছাত্রী হোস্টেলের পেছনে বসবাসরত সুবিধাবঞ্চিত পরিবারগুলো চলাচলের রাস্তা ও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন।
রোববার (২১ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সুজাত আলী সরকারি কলেজ ছাত্রী হোস্টেল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যবর্তী এলাকায় প্রায় ৪২ বছর ধরে কয়েকটি পরিবার বসবাস করলেও তাদের চলাচলের জন্য কোনো নির্দিষ্ট রাস্তা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। ফলে দীর্ঘদিন ধরে তারা চরম দুর্ভোগ ও মানবেতর জীবনযাপন করছেন।
তাদের অভিযোগ, বর্তমানে যাতায়াতের জন্য কলেজ হোস্টেলের ভেতর দিয়ে কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর টপকে, মই ব্যবহার করে চলাচল করতে হচ্ছে। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি, গৃহস্থালির বর্জ্য ও ব্যবহৃত পানি জমে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে এবং স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
বক্তারা কলেজ হোস্টেলের পূর্ব পাশ দিয়ে স্থায়ী রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণে সংশ্লিষ্ট প্রশাসন এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, প্রশাসনের অনুমতি নিয়েই তারা ড্রেন নির্মাণ, রাস্তা উন্নয়ন এবং কলেজ হোস্টেলের নিরাপত্তার জন্য সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করেছিলেন।
অন্যদিকে কলেজ কর্তৃপক্ষের দাবি, তাদের কাছে কেবল তিন ফুট জায়গায় ড্রেন নির্মাণের অনুমতি চাওয়া হয়েছিল। শর্ত ছিল, ওই ড্রেনের সঙ্গে হোস্টেলের পানি নিষ্কাশনের ব্যবস্থাও যুক্ত থাকবে। কিন্তু ড্রেনের পরিবর্তে সেখানে রাস্তা, সীমানা প্রাচীর ও গেট নির্মাণের কাজ শুরু হওয়ায় তারা আপত্তি জানান।
উল্লেখ্য, গত ১৮ জুন ড্রেন নির্মাণের নামে কিছু গাছ কেটে রাস্তা ও সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু হলে কলেজের শিক্ষার্থীরা ওই প্রাচীর ভেঙে দেন এবং সড়কের ইট তুলে ফেলেন।
মানববন্ধনে বক্তব্য দেন আয়শা বেগম, সফিউল্লাহ মানিক, নুরুল্লাহ রতন, সোনিয়া আক্তার ও অমূল্য সূত্রধরসহ স্থানীয়রা।
পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি জমা দেন। ইউএনও উপস্থিত না থাকায় তাঁর কার্যালয়ের সিএ স্মারকলিপি গ্রহণ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, “আমি জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভায় রয়েছি। স্মারকলিপির বিষয়টি এখনও জানি না। দেবিদ্বারে ফিরে বিস্তারিত জানব। সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী মঙ্গলবার উভয় পক্ষকে নিয়ে বৈঠক ডাকা হয়েছে।”
কুমিল্লার দেবিদ্বারে চলাচলের রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার দাবিতে মানববন্ধন, ইউএনওকে স্মারকলিপি
