দশমিনায় নজরুলের বিরুদ্ধে জমি দখল,মাদক কারবার ও চাঁদাবাজির অভিযোগ
জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালীর দশমিনা উপজেলার ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাঁশবাড়িয়া গ্রামে জমি দখল, মাদক কারবার, চাঁদাবাজি ও ধর্ষণের অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও ভুক্তভোগীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৫ টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া লঞ্চঘাটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বাঁশবাড়িয়া ইউনিয়ন যুব অধিকার পরিষদের সভাপতি মজিবুর মল্লিক, ভুক্তভোগী বাইতুল, কবির ব্যাপারী, সোহেল মল্লিক, আনোয়ার মল্লিকসহ স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকরা বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা ইউনিয়ন যুবদল নেতা পরিচয় নজরুলকে ঘিরে স্থানীয়ভাবে ওঠা বিভিন্ন অভিযোগে নিরপেক্ষ তদন্ত দাবি করেন। তাদের অভিযোগ, চাঁদা দাবি, মাদক কারবার, ধর্ষণ সহ গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে বিভিন্ন চরাঞ্চলে জমি দখলসহ নানা কর্মকান্ডে নজরুলের প্রভাব রয়েছে।
স্থানীয়দের অভিযোগ সাধারণ মানুষের নামে মিথ্যা মানহানিকর বক্তব্য দিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ায় এবং মাদক কারবার করে বেড়ায় প্রতিবাদ করলে হুমকি দেন। নজরুলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পৃক্ততার অভিযোগও তোলা হয়। অভিযুক্ত ব্যক্তির প্রভাবের কারণে অনেকে তার কর্মকাণ্ডের প্রতিবাদ করার সাহস পান না।
ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নজরুলের কথিত কর্মকাণ্ডের কারণে সরকার ও বিএনপি’র ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অভিযোগের দ্রুত নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযুক্তকারীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মজিবর মল্লিকের দাবি এলাকায় নজরুলের অপকর্মের প্রতিবাদ করায় তার নামে মিথ্যা সংবাদ প্রচার করে হেয়প্রতিপন্ন করে এবং কিছুদিন আগে ওই এলাকার একটি সড়ক নির্মাণ কাজে তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন নজরুল।
মজিবুর মল্লিক আরো বলেন নজরুলের নামে ধর্ষণ মামলাও দায়ের করা হয়েছে এবং মাদকদ্রব্য দিয়ে যুব সমাজকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। তিনি দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্থানীয়দের দাবি রাজনৈতিক প্রভাবশালী হলেও তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করা উচিত। অভিযোগের সততা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ও দাবি জানান তারা। একই সঙ্গে অভিযোগকারী ও ভুক্তভোগীরা কোন ধরনের ভয়-ভীতি বা হয়রানি ছাড়াই আইনের আশ্রয় নিতে পারেন সে জন্য তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
অভিযোগের বিষয় অভিযুক্তকারী নজরুল যানান , আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। চাঁদা দাবির বিষয়ে তিনি জানান ওই সড়কটি নিম্নমানের ইট দিয়ে কাজ করায় আমি বাধা দিয়েছিলাম।ধর্ষণের বিষয়ে বলেন আওয়ামী লীগের সরকার শাসন আমলে তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। তিনি আরো দাবি করেন আমি অপরাধী হলে তদন্ত করে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হোক।
