ষ্টাফ রিপোর্টার : আজ ২২শে অক্টোবর শুক্রবার সকাল ১০টায় গার্মেন্টস শিল্প সেক্টরে মজুরি বোর্ড পুনর্গঠন ও ৩২ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের দাবিতে বিএলএফ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম জাতীয় প্রেসক্লাবের সামনে একটি সমাবেশের আয়োজন করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও বাংলাদেশ লেবার ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাহ মোহাম্মদ আবু জাফর ও শ্রম সংস্কার কমিশনের সাবেক সদস্য এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক সাকিল আখতার চৌধুরী।
সর্বশেষ ২০২৩ সালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ড গার্মেন্টস সেক্টরে কর্মরত শ্রমিকের নিম্নতম মজুরি ১২৫০০ টাকা ঘোষনা করে। শ্রম আইনের সর্বশেষ সংশোধনী ১৩৯(৬) ধারা অনুযায়ী ৩ বছর পর পর গার্মেন্টস সেক্টরের মজুরি বোর্ড পুনর্গঠনের কথা বলা হয়েছে। সে অনুযায়ী চলতি বছরের মধ্যেই গার্মেন্টস শ্রমিকদের জন্য মজুরি বোর্ড পুর্নগঠন এবং নতুন নির্ধারিত মজুরি হাতে পাবার কথা। এ বিষয়ে আয়োজনের বিশেষ বক্তা সাকিল আখতার চৌধুরী বলেন, বর্তমান বাজারমুল্য বিবেচনায় পুর্ব ঘোষিত নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা দিয়ে গার্মেন্টস শ্রমিক জীবনযাত্রা আর চালানো সম্ভব হচ্ছে না। দ্রব্যমুল্যের উর্ধগতির বিবেচনায় শ্রমিকদের এখনো সাড়ে বার হাজার টাকা মজুরি তাদের সাথে বৈষম্য করার সামিল। সুতরাং অনতিবিলম্বে মজুরি বোর্ড পুনর্গঠন করে গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার জোর দাবী জানাচ্ছি।
অন্যদিকে সমাবেশের প্রধান বক্তা শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, বিশ্বের অন্যান্য দেশে গার্মেন্টস শিল্প রয়েছে এবং তাদের দেশে শ্রমিকেরাও বেতন পাচ্ছে কিন্তু বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের মত এত কম মজুরি পায় না, বাংলাদেশের গার্মেন্টস কারখানা মালিকপক্ষ ও সরকার মিলে এই বৈষম্য দুর করার আশু উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
সভার সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের সভাপতি ও বিএলএফ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের আহবায়ক মো: সারোয়ার হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জনস্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সেলিনা শেলী, বাংলাদেশ গার্মেন্টস লেবার কংগ্রেসের সভাপতি শামিমা আক্তার, নিট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির,
জনতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মারুফ হোসেন অন্যান্যরা। সমাবেশ শেষে একটি মিছিল প্রেসক্লাবের সামনে হতে প্লটন মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে।
