জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালীর বাউফল উপজেলায় কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর বাজারে স্হানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন বাউফলের গণমানুষের সেবক ও জননেতা ড,শফিকুল ইসলাম মাসুদ এমপি।
মতবিনিময়কালে স্হানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী কাছিপাড়া ইউনিয়নের দীর্ঘদিনের নদীভাঙন জনদুর্ভোগ এবং বাহেরচর বাজার রক্ষার সংকটের কথা তুলে ধরেন।
এলাকাবাসী জানান,দীর্ঘদিন ধরে ভয়াবহ নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে কাছিপাড়া ইউনিয়ন। নদীর করালগ্রাসে ইতোমধ্যে বহু মানুষের বসতভিটা, ফসলি জমি,গোয়ালঘর, মসজিদ, মন্দির, স্কুল-মাদ্রাসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্হাপনা নদী গর্ভে বিলীন হয়েছে। বিশেষ করে বাহেরচর বাজার একাধিক বার নদী ভাঙনের শিকার হয়েছে। বর্তমানে বাজারের কাছাকাছি ভাঙন চলায় ব্যবসায়ী ও স্হানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এ অবস্হায় কাছিপাড়া ইউনিয়নের ভাঙনপ্রবন এলাকায় প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে জিওব্যাগ ফেলার কাজ চলমান রয়েছে বলে জানানো হয়।পাশাপাশি স্হায়ীভাবে নদীভাঙন রোধে টেকসই নদীশাসন ও স্হায়ী বেড়িবাঁধ নির্মাণের উদ্যােগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এলাকাবাসী।
মতবিনিময়কালে ব্যবসায়ীদের উদ্দেশে ড,শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, “বাজারে কোনো ধরনের চাঁদাবাজি করা যাবেনা। আমার দলের লোকেরাও যদি চাঁদাবাজি করে, তাদেরও ছাড় দেওয়া হবেনা। কোনো রকম ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “আমরা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত একটি সুন্দর বাউফল করতে চাই। আসুন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।”
নদীভাঙন থেকে মানুষের বসতভিটা ও বাহেরচর বাজার রক্ষা এবং ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
কাছিপাড়া মানুষের প্রত্যাশা -নিরাপদ বসতভিটা, নিরাপদ বাজার এবং চাঁদাবাজমুক্ত শান্তিপূর্ন একটি সুন্দর বাউফল। পাশাপাশি দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে নদীভাঙনের কবল থেকে মানুষ ও গুরুত্বপূর্ণ স্হাপনাগুলো রক্ষা করা হবে – এমনটাই প্রত্যাশা স্হানীয়দের।
