মাহবুব সরকার আবুধাবি : আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও একমাত্র ছেলে অরিত্র বিশ্বাস (১৫) নিহত হয়েছেন।
গতকাল সোমবার আনুমানিক রাত ৯টায় আল আইন রোডের আল ওয়াতবা ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় গুরুতর আহত স্বরূপ বিশ্বাস হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
প্রত্যক্ষদর্শী সাংবাদিক সঞ্জিত কুমার শীল জানান, গতকাল সোমবার পরিবারসহ একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে আনুমানিক রাত নয়টায় আল আইন রোডের আল ওয়াতবা ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। স্বরূপ বিশ্বাস নিজেই গাড়ি চালাচ্ছিলেন। পেছন থেকে দ্রুতগামী আরেকটি গাড়ি সজোরে ধাক্কা দিলে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে আছড়ে পড়ে এবং দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অসীমা চৌধুরী ও অরিত্র বিশ্বাসের মৃত্যু হয়।
এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বানিয়াস উপশহরে আয়োজিত সামাজিক অনুষ্ঠানে শোকাবহ দৃশ্যের অবতারণা ঘটে।
