জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালীর দশমিনা উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর আবু বক্কর মৃধা (৬৫) নামে এক বৃদ্ধের কাদামাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার রনগোপালদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিন রনগোপালদী গ্রামের একটি পরিত্যক্ত ভিটার বীজতলার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবু বক্কর মৃধা ওই গ্রামের মৃত আতাহার মৃধার ছেলে।
স্হানীয় সুএে জানা যায়, বুধবার (২২ জুলাই) দুপুরে খাবার খেয়ে আবু বক্কর মৃধা বাজারের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বাজারসহ বিভিন্ন আত্মীয় -স্বজন বাড়িতে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি। পরে তারা রাতে বাড়িতে ফিরে যান।
বৃহস্পতিবার সকালে গ্রামের এক ব্যক্তি পরিত্যক্ত ভিটার বীজতলার পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে একটি মরদেহ পরে থাকতে দেখে স্হানীয়দের খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্হলে গিয়ে মরদেহটি আবু বক্কর মৃধা বলে শনাক্ত করেন।
খবর পেয়ে দশমিনা থানা পুলিশ ঘটনাস্হলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের ছেলে মোঃ তারিকুল ইসলাম বলেন, বুধবার দুপুরে বাবা খাবার খেয়ে বাজারে যাওয়ার কথা বলে বের হন। সন্ধ্যার পরও বাড়িতে না ফেরায় আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি,কিন্তু কোথাও পাইনি বৃহস্পতিবার সকালে খবর পাই, বাড়ির পাশের একটি পরিত্যক্ত ভিটায় বাবার কাদামাখা দেহ পড়ে আছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
রনগোপালদী ইউনিয়নের -৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাখায়াত হোসেন বলেন, স্হানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমি ঘটনাস্হলে যাই এবং পুলিশকে অবহিত করি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্হল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে”।
