রিয়াজ উদ্দিন, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালীর দশমিনায় কবিরাজি চিকিৎসা নিতে গিয়ে মোঃ আরিফ মাতুব্বর (৪২) নামে এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) সকালে উপজেলার ২ নম্বর আলীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিশাখালী গ্রামের মোল্লা বাড়ির পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোঃ আরিফ মাতুব্বর ওই গ্রামের মোঃ আলম মাতুব্বরের ছেলে। স্বজদের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় শ্রমিকের কাজ করতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।
স্বজন ও স্হানীয়দের দাবি, বুধবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে আরিফকে কবিরাজি চিকিৎসার জন্য একই গ্রামের মোল্লা বাড়িতে নেওয়া হয়। সেখানে মোঃ বাবুল মোল্লার স্ত্রী নুরজাহানের কাছে তাকে চিকিৎসা করানোর কথা ছিল।
পরে বৃহস্পতিবার সকালে মোল্লা বাড়ির পুকুরপাড়ে আরিফকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি স্হানীয়দের জানান।
কবিরাজ নুরজাহানের দাবি, আরিফকে চিকিৎসার জন্য তার বাড়িতে নিয়ে আসার পর থেকেই তিনি অস্বাভাবিক আচরণ করেছিলেন এবং আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সকালে ঘরের দরজা খুলতে গিয়ে তাকে মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পান বলে দাবি করেন তিনি। তার হাতে কাপড় শুকনোর কাজে ব্যবহৃত একটি দড়ি ছিল বলেও জানান নুরজাহান।
স্বজনরা জানান, আরিফ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারন নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ দিকে খবর পেয়ে দশমিনা থানা পুলিশ ঘটনাস্হলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আরিফের মৃত্যুর প্রকৃত কারন সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
০৪/০৯/২০২৬
