এইচ,এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ।
***********************
গোপালগঞ্জে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) একযোগে দেশের ৬৪ জেলায় EFT ও iBAS++-এর মাধ্যমে এ অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি সারাদেশে একযোগে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে দেশের সব জেলা প্রশাসকের কার্যালয় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠানে যুক্ত হয়।এর অংশ হিসেবে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ, জেলার অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, EFT (Electronic Fund Transfer) ও iBAS++ ব্যবস্থার মাধ্যমে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। এতে অর্থ পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা ও নানা ধরনের ভোগান্তি কমবে। সরকারের এ উদ্যোগে দীর্ঘদিন ধরে অবসর ও কল্যাণ সুবিধার অর্থের অপেক্ষায় থাকা শিক্ষক-কর্মচারীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা এখন সহজ, নিরাপদ ও স্বচ্ছ প্রক্রিয়ায় নিজেদের প্রাপ্য অর্থ গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ কর্মজীবনে শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের প্রাপ্য অবসর ও কল্যাণ সুবিধা দ্রুত ও সুশৃঙ্খলভাবে প্রদান করা সরকারের দায়িত্ব। ডিজিটাল পদ্ধতিতে সরাসরি ব্যাংক হিসাবে অর্থ প্রদান সেই দায়িত্ব পালনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গোপালগঞ্জের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও অবসর ও কল্যাণ সুবিধা পাওয়ার প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করা হবে।
গোপালগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন
