নিজস্ব প্রতিবেদক :রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীর থেকে তিনটি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে শারজাহ থেকে ঢাকায় আসা এয়ার অ্যারাবিয়ার G9 518 ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করছিল কাস্টমসের প্রিভেন্টিভ টিম। ইমিগ্রেশন শেষে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় ওই যাত্রীকে সন্দেহজনকভাবে তল্লাশি করা হয়।
তল্লাশির সময় যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো সাদা কসটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট উদ্ধার করা হয়। এগুলোর মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম এবং বিশুদ্ধতা ২৪ ক্যারেট। স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, পেস্টগুলো পরিশোধনের পর আনুমানিক ১ কেজি স্বর্ণ পাওয়া যেতে পারে।
এনবিআর জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।
এ ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলছে।
