এইচ,এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইমপেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
************************
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। এবং সামাজিক বন বিভাগ, ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ উজ-জামান। আলোচনা সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ স্কাউট, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, প্রতিটি গাছকে বড় করে তোলার দায়িত্বও সবার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে বৃক্ষরোপণ কর্মসূচিকে।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
বৃক্ষরোপন সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ-প্রতিপাদ্যে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও মেলা
