রিয়াজ উদ্দিন
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি পটুয়াখালী।
পটুয়াখালী দুমকি উপজেলার সরকারি জনতা কলেজ চত্বর থেকে একটি পরিত্যক্ত কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে কলেজ মাঠে ফুটবল খেলার সময় এক শিক্ষার্থীর নজরে আসার পর বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্হানীয় ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার বিকেলে সরকারি জনতা কলেজ মাঠে ফুটবল খেলছিল নবম শ্রেণির শিক্ষার্থী জিহাদুল ইসলাম জিদান। খেলার সময় বল আনতে গিয়ে কলেজ মাঠের একটি গাছের নিচে ইটের ফাঁকে তামার মতো দেখতে একটি বস্তু দেখতে পায় সে। বস্তুটি খেলনা মনে করে জিদান সেটি বাড়িতে নিয়ে যায়।
পরদিন রোববার স্কুলে গিয়ে জিদান তার বন্ধুদের ওই বস্তুটি দেখায়। বিষয়টি স্হানীয় বড় ভাই জিহাদ হোসাইন -এর নজরে এলে তিনি বস্তুটি দেখে সন্দেহ প্রকাশ করেন। পরে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্হলে গিয়ে বস্তুটি উদ্ধার করে। পুলিশ প্রাথমিকভাবে এটিকে মেশিনগানের কার্তুজ বলে ধারণা করেছে।
তবে কার্তুজটি কীভাবে সরকারি জনতা কলেজ মাঠে এলো এবং এর সঙ্গে কোন ঘটনার যোগসূত্র রয়েছে কিনা – তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে গিয়ে কার্তুজটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি মেশিনগানের কার্তুজ বলে জানা গেছে। কার্তুজটি কলেজ মাঠে কীভাবে এলো এবং এর সঙ্গে কোন ঘটনার যোগসূত্র রয়েছে কিনা তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।
পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কার্তুজটির উৎস বা এর সঙ্গে কোনো ব্যক্তি কিংবা ঘটনার সম্পৃক্ততা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
